ক্রীড়া উপদেষ্টার কাছে নির্বাচন পেছানোর দাবি

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১২:২৬ এএম

বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া ১৬ প্রার্থীর দুজন রফিকুল ইসলাম বাবু ও মির্জা ইয়াসির আব্বাস এবং ঢাকা বিভাগ থেকে পদের প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ ফুয়াদ রেদুয়ান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার দুপুরে এসেছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে ‘চা খেতে’।

কিন্তু সরকারি ছুটির দিন হওয়ায় প্রায় আধা ঘণ্টা অবস্থান করলেও প্রধান নির্বাহীর দেখা পাননি তারা। পরে সাংবাদিকদের মাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে তিনটি দাবি জানান দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ক্লাব ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু।

তার তিনটি দাবির মধ্যে রয়েছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরও কিছুদিন বাড়ানো, সম্ভব হলে অ্যাডহক কমিটি গঠন, নির্বাচন পিছিয়ে নতুন করে সময়সূচি নির্ধারণ করা। এসব দাবির পেছনে রফিকুলের ব্যাখ্যা, ‘এখানে ভালো ভালো ক্রীড়া সংগঠক অনুপস্থিত। আমরা চাই, তারা যেন নির্বাচনে অংশ নিতে পারেন, সেটার কিছু ব্যবস্থা করা।’

‘এখানে অনেকেই বাইরে থেকে বিভিন্ন পক্ষ তৈরি করে ফেলেছে। আমাদের উপদেষ্টা আছেন তাকে ঘিরে বিভিন্ন কথা বলা হলেও তিনি আসলে শুধু ক্রিকেট নয়, সব খেলার অভিভাবক। আমরা তার কাছে যাব এবং সমস্যাগুলো জানাব, যাতে তিনি সমাধানের চেষ্টা করেন’, বলেন বাবু।

গত বুধবার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ জন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তারা সবাই ক্রীড়া উপদেষ্টার কাছে একই দাবি করছেন কি না, জানতে চাইলে বাবু বলেন, ‘আমাদের ক্রিকেটের স্বার্থে সবার তরফ থেকেই কথাটা বলছি।’

১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেও এ ব্যাপারে কারও কোনো আপত্তি থাকলে গতকাল দুপুর ১২টা পর্যন্ত তা ই-মেইলে নির্বাচন কমিশনকে জানানোর সুযোগ ছিল। কেউ তা করেছেন কি না, জানতে চাইলে বাবু বলেন, ‘সময়টা যদি বাড়ানো হয়, পুনর্নির্ধারণ করা যায় সে ক্ষেত্রে সবারই সম্পৃক্ততা থাকতে পারে।’

বাবু জানান, ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপের ওপর আদালত নিষেধাজ্ঞা দেওয়ায় বিভিন্ন ক্লাবের ক্রিকেটাররা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কোয়াবের মাধ্যমে তামিমের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে ভুল করেছেন কি না, জানতে চাইলে বাবু বলেন, ‘আমি তা বলছি না। এটা একটা প্রতিবাদস্বরূপ করেছি। কিন্তু এটা থেকে উত্তরণের পথ আছে। আমরা চাই, সময় বাড়িয়ে পুনর্নির্ধারণ (নির্বাচনের তারিখ) করা হোক। কয়েকটা প্রস্তাবনার মধ্যে এটাও আছে। নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না হয়।’

আদালতে রিটকারী ফারুক আহমেদ গত বছরের ৫ আগস্টের পর বিসিবি সভাপতি হওয়ার পর ১৫ ক্লাবকে নিয়েই তৃতীয় বিভাগ লিগ আয়োজনের সুযোগ করে দিয়েছিলেন উল্লেখ করে বাবু বলেন, ‘যদি কোনো ক্লাবের অস্তিত্ব নিয়ে সন্দেহ থাকত বা কোনো তদন্ত চলত, তাহলে তো তারা খেলতে পারত না। কিন্তু তখন সবাই খেলেছে। (সাবেক) সভাপতি ক্রিকেটের মঙ্গলের জন্যই সেই সুযোগ দিয়েছিলেন। আজকে আবার সেগুলো বাতিল করা হয়েছে, যা আসলে অযৌক্তিক। আমরা চাই, এই ৩০০ ক্রিকেটারের ভবিষ্যৎ যেন অন্ধকারে না যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত