পাবনার ঈশ্বরদীতে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. ইমরান ম-ল (৩৫)। সে দাশুড়িয়া ভবানীপুর এলাকার মৃত ইউনুস ম-লের ছেলে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-পাবনার ঢালারচর রেলরুটের ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার ভবানীপুর এলাকায় ১৭ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ইমরান দুই কানে হেডফোন লাগিয়ে নিজবাড়িসংলগ্ন রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন।
এ সময় ঢালারচর থেকে রাজশাহীগামী আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেন পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মর্ডান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মাজেদুল ইসলাম জানান, ইমরান কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে রেললাইনের পাশে হাঁটছিলেন। ট্রেন আসার পরও তিনি হয়তো তা বুঝতে পারেননি। ট্রেনের আঘাতেই তার মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ওসি জিয়াউর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
