মালয়েশিয়া প্রবাসীদের সম্মাননা দেবে হাইকমিশন

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩০ এএম

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় প্রবাসীদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। সম্মাননা নেওয়ার জন্য প্রবাসীদের আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

হাইকমিশন জানিয়েছে, যারা তাদের মেধা, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দেশের সুনাম বৃদ্ধি করেছেন, তাদের অভিবাসী দিবস পুরস্কার-এ ভূষিত করা হবে।

সম্মাননা গ্রহণের জন্য আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে হাইকমিশন বলেছে, কৃষি, শিক্ষা, গবেষণা, চিকিৎসা, প্রকৌশল, ব্যবসা ও সমাজ সেবাসহ বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসীরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহীদের আগামী ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় তথ্যসহ আবেদন জমা দিতে হবে। এই উদ্যোগে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অভিবাসী দিবস উদযাপনকে আরও সফল করে তুলবে বলে আশা করছে হাইকমিশন।

আবেদনের জন্য যেসব তথ্য প্রয়োজন, তার মধ্যে রয়েছে : নাম ও পাসপোর্ট নম্বর, বাংলাদেশে স্থায়ী ঠিকানা, মালয়েশিয়ায় বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, বর্তমান পেশা ও কর্মস্থল, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আবেদনের ক্যাটাগরি, বিশেষ অবদান/অর্জনের বিবরণ (সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে বাংলা বা ইংরেজি ভাষায়), অবদান/অর্জনের প্রমাণ বা এ সংক্রান্ত তথ্যাদি (যদি থাকে)।

আবেদনপত্র ডাকযোগে বা ই-মেইলে পাঠানো যাবে। ডাকযোগে পাঠানোর ঠিকানা হলো : Bangladesh High Commission in Malaysia. No 8, Lorong Yap Kwan Seng, 50450, Kuala Lumpur|। ই-মেইলের ঠিকানা [email protected] এবং [email protected]|

×
সর্বশেষ সর্বাধিক পঠিত