জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক হয়। এ সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের
নেতৃত্ব এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে তারা আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা বিষয় নিয়েও আলোচনা করেন। অ্যালিসন হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতিও সমর্থন জানান। এ সময় রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের ঘোষিত ৬০ মিলিয়ন ডলার সহায়তার জন্য খলিলুর রহমান আন্তরিক ধন্যবাদ জানান।
