ইয়ামালের '৩০৪' উদযাপন পেলো ট্রেডমার্ক নিবন্ধন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:০৬ পিএম

লামিন ইয়ামাল তাঁর আইকনিক গোল-সেলিব্রেশনকে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করেছেন। এই গ্রীষ্মে তিনি ‘৩০৪’ নামে সেলিব্রেশনটি নিবন্ধন করেন, যা কাতালানে তাঁর নিজ শহরকে রোকাফোন্ডাকে স্মরণ করিয়ে দেয়। ট্রেডমার্কটি পোশাক থেকে শুরু করে ক্রীড়া সামগ্রীসহ ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক পণ্যসমূহে ব্যবহারের জন্য সুরক্ষিত থাকবে। 

ইউরোপীয় ইউনিয়নের বৌদ্ধিক সম্পত্তি অফিসের আলিকান্তে সদর দপ্তরে ইয়ামাল কমিউনিটি ট্রেডমার্ক নিবন্ধন করেছেন, যা ২০৩৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে। এই সাতটির মধ্যে দুটি তাঁর নিজের নাম “Lamine Yamal” ব্যবহার করে, আর বাকি পাঁচটি যুক্ত  ‘৩০৪’ সংখ্যার সঙ্গে। এই সংখ্যা তাঁর বেড়ে ওঠা এলাকার—বার্সেলোনার মাতারোর রোকাফোন্ডা পাড়ার ডাকঘরের কোডের শেষ তিন অঙ্ক।

মাঠে গোল উদযাপনের সময় ইয়ামালের পরিচিত ভঙ্গিটি এখন কেবল আনন্দ নয়, তাঁর নিজস্ব ব্র্যান্ড পরিচয়ও। সেলিব্রেশনে তিনি হাত ক্রস করে বাম হাতে তিনটি আঙুল (৩), ডান হাতে আঙুল ও বৃদ্ধাঙ্গুলি মিলে বৃত্ত (০), আর ডান হাতের বাকি আঙুল দিয়ে চার (৪) দেখান। এই ভঙ্গির মাধ্যমে তিনি প্রতিবার সাফল্য উদযাপন করেন এবং নিজের শেকড়—রোকাফোন্ডা এলাকার প্রতি শ্রদ্ধা জানান।

গত মে মাসে ইয়ামালের নামে পোশাক, খেলাধুলার সামগ্রী, টুপি, জ্যাকেট, স্পোর্টস শু ও আন্ডারওয়্যার ট্রেডমার্ক করা হয়। পরে ‘LY304’,  ‘৩০৪’  ও ‘ ‘৩০৪ এফসি’ নামগুলোও বিভিন্ন সামগ্রীতে সুরক্ষিত হয়। এর মধ্যে রয়েছে ফুটবল, গ্লাভস, পুতুল, চশমা, হেলমেট, ঘড়ি, হেডফোন, ব্যাকপ্যাক, জিমের ওজন তোলার রড এবং অবশ্যই ইলেকট্রনিক গেমস।

সম্প্রতি তিনি  ‘৩০৪’ হাতের ইশারার লোগোও সুরক্ষিত করেছেন, যা শুধু পণ্য নয়, বরং শিক্ষা, বিনোদন, খেলাধুলা, ইভেন্ট আয়োজন, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক শোগুলোকেও অন্তর্ভুক্ত করেছে।

১৮ বছর বয়সী এই তরুণ ফুটবলারের ইনস্টাগ্রাম ও টিকটকে প্রায় ৪ কোটি অনুসারী আছে। বিশ্বজুড়ে এই জনপ্রিয়তাকে সুরক্ষিত করতে তাঁর ট্রেডমার্ক নিবন্ধন গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এক বছর আগে প্রায় বিপদে পড়েছিলেন ইয়ামাল। ২০২৪ সালের জুলাইয়ে পর্তুগালের এক নারী “Lamine Yamal” নামে ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন করেছিলেন—পোশাক, বিজ্ঞাপন ও শিক্ষা কার্যক্রমের জন্য। যদিও পরে তিনি আবেদন প্রত্যাহার করে নেন, না হলে তা প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা ছিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত