রিজভী বললেন

জ্ঞান-বিজ্ঞানচর্চার অবকাশ ছিল না বলেই মস্তান তৈরি হচ্ছে

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ এএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘১৫-১৬ বছর ধরে জ্ঞানচর্চা, বিজ্ঞানচর্চার কোনো অবকাশ ছিল না বলেই আজকে মস্তান তৈরি হচ্ছে, আজকে গু-া তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কীভাবে মিছিল করা যায়, কীভাবে মিটিং করা যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’ গতকাল রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, ‘একটি গবেষণা বলছে, বাংলাদেশে শিক্ষার মান এখনো উন্নত নয়, যতটুকু শিক্ষার যে পাঠ্যক্রম সেটাও আপডেট নয়। শিক্ষার যে অবকাঠামোগত দিক সেটিও আশপাশের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করা যায় না। যেখানে শিক্ষক এবং ছাত্র উভয়ই প্রযুক্তিনির্ভর শিক্ষার্থীকে অনেক দূরে পিছিয়ে আছে। এটা অত্যন্ত বাস্তব এবং এটা অত্যন্ত সত্য কথা। এদেশের সরকারি এবং বেসরকারি প্রায় ৪০ শতাংশ বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর কোনো শিক্ষা কার্যক্রম নেই। ৪০ শতাংশ কম কথা নয় এবং সেটা গ্রামীণ অঞ্চলে আরও কঠিন অবস্থা। শহরে যদি কিছুটাও থাকে কিন্তু গ্রামীণ অঞ্চলে এই ঘাটতি আরও তীব্র। আমরা সেই দেশে বসবাস করছি।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের সামনে উন্নয়নের কত ফানুস দেখানো হয়েছে। মেট্রোরেল, উড়াল সেতু, ফ্লাইওভার কত গালভরা গল্প আমাদের বলা হয়েছে। কিন্তু একটা জাতির মেরুদণ্ড যে উপযুক্ত শিক্ষা, সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত