শারমীন এস মুরশিদ বললেন

আজকের শিশুরাই আগামী দিনে নেতৃত্ব দেবে

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ এএম

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনার নেতৃত্ব দেবে। গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস-২০২৫ ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। উপদেষ্টা শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমাদের মতো আমারও একটা স্বপ্ন আছে, একদিন এই দেশটি শিশুদের জন্য হবে।’

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং ইউনিসেফ প্রতিনিধি রুনা ফ্লাওয়ার্স। এ ছাড়া সভায় আরও বক্তব্য দেন শিশু বক্তা রূপ সঞ্চারী চর্চা এবং মো. সামিউল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (যুগ্মসচিব) দিলারা বেগম।

শারমীন এস মুরশিদ বলেন, ‘বিশ্ব শিশু দিবসের এবারের প্রতিপাদ্য “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ”। এই সেøাগানে এমন একটি দেশ আমরা গড়ব বিশ্বের সবায় তাকিয়ে বলবে এই দেশটি শিশুদের জন্য।’ তিনি বলেন, ‘একটি সুন্দর দেশ গড়ার জন্য আজকে আমরা যে সংগ্রাম করছি এবং তোমরা যারা গত বছর যে জুলাই-গণঅভ্যুত্থানে অকপটে অংশগ্রহণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করেছো, বীরত্বগাথা তৈরি করেছো, তাতে প্রমাণ হয়ে যায় তোমরাই দেশের দায়িত্ব নিয়ে নিয়েছো।’

উপদেষ্টা বলেন, বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে আমরা একত্র হয়েছি বিশেষ একটি উদ্দেশ্যে আর তা হলো শিশুদের মুখে হাসি, তাদের স্বপ্নের অনুপ্রেরণা, জীবনের মর্যাদা ও নিরাপত্তাই এ দিবসে মূল বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত