শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৪:৩০ পিএম

শিশুদের জন্য ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার কিশোর সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষা প্রসারে তার কাজের স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন এলো।

সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছেন। তিনি শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন এই পুরস্কার দিয়ে থাকে। তারা বিশ্বজুড়ে শিশু অধিকার রক্ষায় কাজ করা শিশুদের মনোনীত করে।

গত তিন বছর ধরে উপকূলীয় এলাকায় শিশু অধিকার নিয়ে কাজ করছেন সুদীপ্ত। বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার বিরুদ্ধে গ্রামীণ ও অনলাইন-দুই ক্ষেত্রেই সচেতনতা গড়ে তুলেছেন। তার হস্তক্ষেপে একাধিক বাল্যবিবাহ বন্ধ হয়েছে। অনেক পরিবার শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছে।

সুদীপ্ত অনলাইনে ওয়েবিনার, সোশ্যাল মিডিয়া প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষকে শিশু অধিকার সম্পর্কে জানিয়েছেন। মাঠপর্যায়ে তিনি কর্মশালা ও কমিউনিটি কার্যক্রম চালাচ্ছেন। এসব কাজে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা ও শিক্ষার প্রতি উৎসাহ দেওয়া হয়।

মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে ভালো লাগে আমার। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চাই।

উল্লেখ্য, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিশু অধিকার পুরস্কার, যা অতীতে পেয়েছেন মালালা ইউসুফজাই, গ্রেটা থানবার্গসহ বিশ্বজুড়ে শিশু আন্দোলনের অগ্রণীরা। সেই ধারাবাহিকতায় এবার মনোনীত হলো বাংলাদেশের সুদীপ্ত দেবনাথ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত