উচ্ছ্বাসে ভাসছেন ঐশী

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০১:০২ এএম

দেশীয় চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খানের ‘সোলজার’ সিনেমা নিয়ে কিছুদিন ধরেই চলছে আলোচনা। সদ্য শুটিং শুরু হয়েছে সিনেমাটির। তার আগেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত ছিলেন শাকিব খান। ইতিমধ্যে চলচ্চিত্রটির ফার্স্ট লুকও প্রকাশ পেয়েছে। কিন্তু শাকিবের নায়িকা কে হচ্ছেন, এ নিয়ে ছিল নানা কৌতূহল। বিষয়টি নিয়ে এক ধরনের নীরবতা অবলম্বন করেন এর নির্মাতা সাকিব ফাহাদ। পরে শুরুতে নায়িকা হিসেবে জানানো হয় ছোটপর্দার আলোচিত তানজিন তিশার নাম। এবার জানা গেল, শুধু তানজিন তিশাই নন, সোলজারে তিশার সঙ্গে থাকছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব পাওয়া জান্নাতুল ফেরদৌস ঐশী।

গত শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সাকিব ফাহাদ জানান, শিগগির প্রকাশ করা হবে ‘সোলজার’ সিনেমায় তিশা ও ঐশীর ফার্স্টলুক।

এদিকে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে আবার বড়পর্দায় ফিরছেন ঐশী। বিশেষ করে, সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেতা শাকিব খানের নায়িকা হওয়ার সুযোগে উচ্ছ্বাসে ভাসছেন এই মডেল-অভিনেত্রী। তিনি প্রত্যাশা করছেন, ‘দর্শককে চমৎকার কিছু উপহার দিতে পারবেন দেশপ্রেমের গল্পের এই সিনেমার মাধ্যমে। আর শাকিব ভাইয়ের অভিনয় নিয়ে নতুন করে বলার স্পর্ধা আমার নেই। তার মতো এত বড় মেধাবী অভিনেতার সঙ্গে আমার রসায়নও আশা করি দর্শকের ভালো লাগবে।’

‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র নির্মাণ করছেন নাটক ও বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। তিনি বলেন, ‘সিনেমার গল্প অনুযায়ী অভিনয়শিল্পীদের নেওয়া হয়েছে। শাকিব খানের সঙ্গে এ সিনেমায় দেখা যাবে তানজিন তিশাকে। এটি তার প্রথম সিনেমা। এ নিয়ে আমরা খুব এক্সাইটেড। সারা দেশের মানুষ তানজিন তিশাকে দেখতে চায় বড়পর্দায়। জান্নাতুল ফেরদৌস ঐশীরও আলাদা একটা গ্রহণযোগ্য আছে। আশা করি দর্শক নিরাশ হবেন না।’

সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ। সব ঠিক থাকলে চলতি বছরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে বলে জানান নির্মাতা।

ঐশীকে সর্বশেষ দেখা গেছে আবু তাওহীদ হিরণের ‘আদম’ সিনেমায়। সেখানে তার বিপরীতে ছিলেন ইয়াশ রোহান। ২০২৩ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর কিছুদিন বিরতিতে থাকলেও, ‘সোলজার’-এর মাধ্যমে আবারও ফিরছেন আলোচনায়। সেটাও শাকিব খানের নায়িকা হয়ে।

২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন ঐশী। এরপর তিনি কাজ করেছেন নাটক-বিজ্ঞাপনে। সর্বপ্রথম তাকে সিনেমায় দেখা যায় ২০২১ সালে। এরপর বড় আয়োজনের সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দিয়ে ঢালিউডে অভিষেক। এরপরও জান্নাতুল ফেরদৌস ঐশীকে ঠিক পাওয়া যায়নি! নতুন কাজে যেমন অনুপস্থিত, তেমনি শোবিজের আলোচনা-চর্চা এসবের থেকেও চলছেন দূরত্ব বজায় রেখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত