শেখ হাসিনার মামলায় যুক্তিতর্কের শুনানি আজ

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ এএম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে ব্যাপক হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামলায় বিচারের সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শুরু হবে আজ রবিবার। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ শুনানি হবে। যুক্তিতর্কের শুনানি শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসবে। এর আগে গত বুধবার এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এদিন ৫৪তম ও সবশেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরকে জেরার মধ্য দিয়ে সাক্ষ্য শেষ হয়। তাকে জেরা করেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমীর হোসেন।

গতকাল শনিবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হোসাইন তামীম এক ভিডিও বার্তায় বলেন, ‘আগামীকাল (আজ) এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের শুনানি হবে। আইন অনুযায়ী প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। তারপর ডিফেন্স (আসামিপক্ষ)। তারপর এই যুক্তিতর্ক আবার রিপ্লাই দেবে প্রসিকিউশন। এটি হলো হলো ট্রাইব্যুনালের একটি মামলার সবশেষ ধাপ। যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হবে।’

তিনি আরও বলেন, যুক্তিতর্ক উপস্থাপন ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। শেখ হাসিনা ও অন্য আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এ মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হিসেবে সাক্ষ্য দিয়েছেন। গত ১০ জুলাই শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত