হাসপাতালে আটকে রাখা লাশ ডিসির চেষ্টায় হস্তান্তর

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৫:১৮ এএম

১ লাখ ৭৩ হাজার টাকা বিলের মধ্যে ৪০ হাজার টাকা জোগাড় করতে পেরেছিল মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। তাতেও হাসপাতাল কর্তৃপক্ষ লাশ ছাড়তে রাজি হয়নি। গত শুক্রবার রাতে ফেসবুকে এ ধরনের একটি হৃদয়বিদারক পোস্ট দেখে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। ১৪ ঘণ্টা লাশ আটকে রাখার পরে তার হস্তক্ষেপে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসের পাশে অবস্থিত বেসরকারি বিএনকে হাসপাতালে গত শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাজবাড়ীর কালুখালি উপজেলার মাঝপাড়া গ্রামের রিংকু শরীফের মেয়ে পিংকি শরীফ। হাসপাতাল কর্তৃপক্ষ লাশ আটকে রেখে ১ লাখ ৭৩ হাজার টাকা বিল দাবি করে। তার অসহায় বাবা রিংকু শরীফ আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে মাত্র ৪০ হাজার টাকা জোগাড় করে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান লাশটি ফিরিয়ে দিতে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অসহায় বাবার আহাজারি শুনে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। তার হস্তক্ষেপে দ্রুত বদলে যায় পরিস্থিতি। ১৪ ঘণ্টা লাশ জিম্মি রাখার পর শুক্রবার রাত ১০টার দিকে পিংকির মরদেহ ও তার নবজাতক কন্যাকে পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।

জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে আমি আবেগতাড়িত হয়ে পড়ি। যেহেতু বিষয়টি আমার দায়িত্বপূর্ণ জেলার বাইরে ঘটেছে, তাই আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি স্যারকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিনীত অনুরোধ করি। বাকি সব ব্যবস্থাপনা করেছেন শেখ মোমেনা মনি স্যার এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মঈনুল হাসান মহোদয়। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি মানবিকতার হাত প্রসারিত করার জন্য।’     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত