সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৫:১৯ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক ওড়নায় ফাঁসি দেওয়া স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত শুক্রবার রাত ১টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিনথিয়া (১৯ ) ও তার স্বামী সাব্বির হোসেন (২৩)। সাব্বির ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দারোগোল্লা গ্রামের সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব  চলে আসছিল। ধারণা করা হচ্ছে সেই দ্বন্দ্বের জের ধরে তারা আত্মহত্যা করেছেন। তাদের সংসারে ৩ বছরের একটি ছেলে রয়েছে। 

খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সাব্বিরের বড় বোন নূপুর আক্তার বলেন, ‘শুক্রবার রাতে তারা আমাদের বাসায় এসেছিল, খাবার খেয়ে চলে যায়। পরে রাতে এ ঘটনা শুনে তাদের বাসায় এসেছি।’ তিনি আরও বলেন, ‘গত ২০ দিন আগে গ্রামের পঞ্চায়েতরা তাদের বিচার সালিশ করে মিলমিশ করে দেন। এরপর কোনো সমস্যা ছিল না।’

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত