খালে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৫:২১ এএম

মাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে গিয়ে ডুবে তিন মেয়েশিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাঁপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে তারিন (৮), সিনতিয়া (৯) ও তানহা (৯)। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার দুপুরে পাশাপাশি বাড়ির মোহাম্মদ আনারুলের মেয়ে তারিন, সাজ্জাদুল ইসলামের মেয়ে সিনতিয়া ও তারিকুল ইসলামের মেয়ে তানহা বাড়ির পাশে চাঁপাতলা খালে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাদের গোসল করতে না দেখে স্থানীয়রা তিন শিশুকে খুঁজতে থাকেন। পরে স্থানীয়রা খাল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আসাদুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ওসি মো. আব্দুর রহমান জানান, তিন শিশু তাদের বাড়ির পাশের খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত