উপদেষ্টার অনুমোদন ছাড়াই বাড়ল ভোজ্য তেলের দাম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৪১ এএম

দেশের বাজারে সয়াবিন তেল লিটারপ্রতি ৬ এবং পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার ভোজ্য তেল পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ভোজ্য তেলের দাম বাড়ানোর বিষয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এখনো অনুমোদন দেননি বলে একটি সূত্র জানিয়েছে।

গতকাল বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভোজ্য তেল ব্যবসায়ীরা। সচিব ব্যবসায়ীদের দাম বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেন। তবে বৈঠক শেষে যখন তিনি বাণিজ্য উপদেষ্টার অনুমোদনের জন্য যান, তখন জটিলতা দেখা দেয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দাম বৃদ্ধির বিষয়ে অনুমোদন দিতে অস্বীকৃতি জানান। পরে উপদেষ্টার অনুমোদন না পেলেও ব্যবসায়ীরা তড়িঘড়ি করে দাম বৃদ্ধির বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান।

বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ভোজ্য তেলের দাম বৃদ্ধির বিষয়টি আটকে যেতে পারে বা উপদেষ্টা অনুমোদন দিচ্ছেন না এমন খবরে ব্যবসায়ীরা দ্রুত নতুন দামের সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠান। যদিও ব্যবসায়ীদের সিদ্ধান্ত ছিল বিজ্ঞপ্তিটি মঙ্গলবার (আজ) গণমাধ্যমে পাঠানোর। সেভাবেই বাণিজ্য সচিবের সঙ্গে কথা হয়েছিল।

জানা গেছে, তেলের দাম বাড়ানো বা কমানোর বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। আজ বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে।

ব্যবসায়ীদের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়ানোর কথা জানানো হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৩, ৫ লিটারের বোতলে ২৩ এবং প্রতি লিটার পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানো হয়েছে।

ব্যবসায়ীদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ দাম আজ (মঙ্গলবার) থেকে বাজারে কার্যকর করা হবে।

এদিকে, গত আগস্টে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেছিলেন। তবে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের মাত্র ১ টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠাননি। সে সময় একাধিক বৈঠকের পর বাণিজ্য মন্ত্রণালয় দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। তখন থেকেই ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণের দাবি করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক হয়। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে ব্যবসায়ীরা দাম বাড়ানোর চেষ্টা করছিলেন।

বাণিজ্য সচিব ব্যবসায়ীদের যে দামে তেল বিক্রির অনুমোদন দিয়েছেন, তাতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ থেকে বেড়ে ১৯৫, খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বেড়ে ১৭৭ এবং পাম তেলের দাম ১৩ টাকা বেড়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ২৩ টাকা বেড়ে ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বাণিজ্য সচিবকে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত