চট্টগ্রাম চেম্বার নির্বাচন

বিএসবিআরএ সভাপতি আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থীতা হাইকোর্টে বৈধ ঘোষণা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম

চট্টগ্রামে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি ও রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) হাইকোর্টের একটি বেঞ্চ আমজাদ হোসেনের দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষে প্রার্থীতা বৈধ ঘোষণা করে তাঁর নাম উল্লেখ পূর্বক ব্যালট নম্বর প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

আগামী ১ নভেম্বর চট্টগ্রাম চেম্বার নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। নির্বাচনী তফশিল অনুযায়ী গত ২১ সেপ্টেম্বর অর্ডিনারী গ্রুপ থেকে পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল করেন। কিছু নির্বাচন বোর্ড বাছাই শেষে ‘সিআইবি রিপোর্ট ইতিবাচক নয় এবং পুলিশ ক্লিয়ারেন্স এর মূল সনদ নেই’ মন্তব্য সংযুক্ত করে তাঁর মনোনয়ন বাতিল করে দেয়। পরে আমজাদ হোসেন চৌধুরী নির্বাচনী আপীল বোর্ডে আপীল করলে আপিল বোর্ডও তা নামঞ্জুর করে। প্রার্থিতা বাতিলের বিরূদ্ধে গত ১৩ অক্টোবর হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন আমজাদ হোসেন। 

আমজাদ হোসেনের আইনজীবী অ্যাডভোকেটট সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার (১৪ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি সৈয়দ  হাসান জোবায়েরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে রিট পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে হাইকোর্ট আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন তাঁর নাম উল্লেখ পূর্বক ব্যালট নম্বর প্রদানের নির্দেশ দেন। হাইকোর্টে আমজাদ হোসেন চৌধুরীর পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও কে এম সাইফুল ইসলাম মামলা পরিচালনা করেন।

জানতে চাইলে আমজাদ হোসেন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, মহান আল্লাহর রহমতে আমার প্রার্থিতা বহাল হয়েছে। এখন নির্বাচনী কাজে সবার সহযোগিতা চাইব। সেই সাথে ভোটারদের ভোট এবং সকলের দোয়া চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত