মা ইলিশ রক্ষায় গজারিয়ায় ৫০ হাজার মিটার জাল জব্দ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও আটকদের ১ জনকে অর্থ দন্ড প্রদান করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা  হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী মাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ডাঃ হামিদা মোস্তফা।

আটক জেলের নাম আঃ করিম (২০)। তিনি উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের আবু তাহেরের  ছেলে। তাকে অর্থ দন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অপরজন ১৮ বছরের নিচে হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়। অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

অভিযান শেষে নির্বাহী মাজিস্ট্রেটের নির্দেশে জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও উদ্ধার হওয়া ইলিশ মাছ স্থানীয় এতিমখানা বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল সামাদ জানান, ইলিশ সংরক্ষণ মৌসুমে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোষ্ট গার্ড ও নৌ পুলিশের সম্বনয়ে মেঘনা নদীতে অভিযান পরিচালিত হয়। মা ইলিশ সংরক্ষণে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত