মুন্সীগঞ্জের শ্রীনগর ও লৌহজং উপজেলায় পদ্মা নদীতে পৃথক অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ১৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ কোটি সাড়ে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৭০টি ইলিশ জব্দ করা হয়।
গতকাল বুধবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রীনগরের চর বাঘড়া গ্রামসংলগ্ন পদ্মায় যৌথ অভিযান চালিয়ে ১ কোটি ৫ লাখ মিটার কারেন্ট জাল ও ১৭০টি ইলিশ জব্দসহ ১১ জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহিন উদ্দিন আটক ১১ জেলেকে ১০ দিন করে কারাদন্ডাদেশ দেন। জব্দ করা অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এ ছাড়া জব্দ করা ইলিশ স্থানীয় তিনটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম প্রমুখ।
এদিকে, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার লৌহজং উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায় মৎস্য অফিস ও কোস্ট গার্ড। এ সময় চার জেলেকে আটক ও ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছারউদ্দিন আটক প্রত্যেক জেলেকে ১৫ দিন করে কারাদন্ডাদেশ দেন। এ ছাড়া জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
