রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৪ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ওয়ানডে খেলছেন ভারতের দুই সুপারস্টার বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এই দুজন আগামী ২০২৭ বিশ্বকাপে খেলতে পারবেন না বলেই মনে করছেন অনেকে। তবে ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী মনে করেন, এখনও ওয়ানডে ক্রিকেটে রোহিত-কোহলির অনেককিছু দেওয়ার আছে।

ভারতীয় দল আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর এই প্রথমবার জাতীয় দলে ফিরছেন কোহলি ও রোহিত। ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘কোহলি একজন দুর্দান্ত রান চেজার। আর রোহিত ওপেনিংয়ে বিস্ফোরক। তারা দুজনেই বিশ্বাস করে, তাদের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে।’

২০২৭ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ নিয়ে জল্পনা থাকলেও শাস্ত্রীর মতে, এখনই এত দূরে তাকানোর সময় নয়। তিনি বলেন, ‘সবকিছু নির্ভর করে রানের ক্ষুধা, ফিটনেস ও খেলার প্রতি আগ্রহের ওপর। যতদিন এগুলো থাকবে, তারা দলের জন্য অমূল্য হয়ে থাকবে। আমি বলব, সিরিজ ধরে ধরে এগিয়ে যাও। এখনও অনেক সময় বাকি। যদি তারা এটা উপভোগ না করে, যদি ফর্ম ভালো না থাকে, তাহলে তারা নিজেরাই নিজেদের অবসর নিতে পারে।’

উল্লেখ্য, টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে কোহলি-রোহিত নিজেরাই অবসর নিয়েছেন। এই দুজনের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন গুঞ্জনের মাঝেই বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজই তাদের শেষ আন্তর্জাতিক সিরিজ হবে—এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আসন্ন সিরিজে কোহলি ও রোহিতের পারফরম্যান্সই নির্ধারণ করতে পারে, তারা ভারতের ২০২৭ বিশ্বকাপ পরিকল্পনায় কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত