বিএনপি ইসলামবিদ্বেষী নয়: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:১০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল, ইসলামবিদ্বেষী নয়। কেউ যদি বলে বিএনপি ইসলামবিদ্বেষী, তা নিঃসন্দেহে ভুল ও অপপ্রচার।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ তৈয়ব (রহ.) এর কবর জিয়ারত করেন।

সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে আমাদের ৯০ থেকে ৯২ ভাগ মুসলিম, বাকিরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মের অনুসারী। আমরা সবাই দেশের নাগরিক। ইসলামের শিক্ষা হলো—সব নাগরিকের নিরাপত্তা ও ধর্মীয় অধিকার নিশ্চিত করা। সম্প্রীতি অটুট রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “কোনো দলের নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দ থাকা মানেই তারা ইসলামের মালিক নয়। রাজনৈতিক কারণে ধর্ম ব্যবহার বন্ধ করতে হবে। কেউ ক্ষমতার জন্য বা দুনিয়াবি উদ্দেশ্যে ধর্ম ব্যবহার করতে পারবে না। কেউ বলে, কোনো দল পরাজিত হলে ইসলাম পরাজিত হবে—নাউজুবিল্লাহ, এটা সম্পূর্ণ ভুল। কোনো দলের নামের সঙ্গে ‘ইসলাম’ থাকলেই সে ইসলাম নয়।”

বিএনপির এই নেতা বলেন, “আমাদের দল ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। বিএনপি ক্ষমতায় থাকাকালে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করা হয় এবং আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রাষ্ট্রীয় নীতি হিসেবে স্বীকৃতি পায়। তাই বিএনপি ইসলামবিদ্বেষী—এই অভিযোগ শুধুই রাজনৈতিক অপপ্রচার।”

তিনি আরও যোগ করেন, “ইসলামবিদ্বেষী শক্তির পতন ঘটেছে, আওয়ামী লীগের পতন ঘটেছে। আল্লাহ যার কর্ম অনুযায়ী বিচার করবেন। বহু আগে বলেছিলাম, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী আওয়ামী লীগ কখনো শান্তি আনতে পারবে না। শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামা শাহাদাতবরণ করেছেন—তাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র আমাদের রক্ষা করতে হবে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “ভবিষ্যৎ প্রজন্ম যেন গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ না দেয়, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক কারণে কেউ যেন সামাজিক বা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা আলেম-ওলামাদের সঙ্গে দেখা করছি ইসলাম বা ভোটের রাজনীতি নয়, বরং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উদ্দেশ্যে, যেখানে সব শ্রেণি-পেশার মানুষ একসাথে নীতি ও আইন নির্ধারণ করবে।”

তিনি আরও বলেন, “আমরা জাতির মধ্যে কোনো বিভাজন চাই না—ধর্ম, ভাষা বা জাতিগত কারণে নয়। আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সমতাভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা।”

সালাহউদ্দিন আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মীর হেলাল উদ্দিন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, পটিয়ার সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা।

পরবর্তী সময়ে তিনি দেশের আরেক বৃহত্তর কওমী মাদ্রাসা আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেন। এসময় প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক (রহ.) সহ অন্যান্য মুরব্বিদের কবর জিয়ারত করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত