সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের এনএস-ওয়ান পরীক্ষা বিনা মূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, অন্তঃবিভাগ এবং বহির্বিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-ওয়ান পরীক্ষা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিনা মূল্যে করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।
এ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগ, অন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ পরীক্ষা বিনামূল্যে করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ২৪৩ জনের মৃত্যু হলো।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৫ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ৫৭ হাজার ৭৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এদের মধ্যে ৫৪ হাজার ৮৩৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৩ জনের।
এর মধ্যে গত সেপ্টেম্বর মাসে মৃত্যু হয়েছে ৭৬ জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ ছিল মৃত্যুহীন। এপ্রিলে ৭, মে মাসে তিনজনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে।
জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়। জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪১ জনে আর আগস্টে মৃত্যু ছিল ৩৯ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
