রাজধানীর উত্তরার বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমী জুমার খুতবায় জামায়াতে ইসলামী সমালোচনা করার অভিযোগে পাঠানো চিঠি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন।
উত্তরা পশ্চিম থানা জামায়াতে ইসলামী দপ্তর সম্পাদক জি. এম. আসলামের স্বাক্ষরিত চিঠি ১৬ অক্টোবর খতিবকে পাঠানো হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার (১৭ অক্টোবর) চিঠিটি ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।
চিঠিতে অভিযোগ করা হয়, ১০ অক্টোবরের জুমার খুতবায় খতিব “ভুল ও পক্ষপাতদুষ্ট” মন্তব্য করেছেন, যা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। দলটি উল্লেখ করেছে, ধর্মীয় বয়ান রাজনৈতিক পক্ষপাত থেকে মুক্ত থাকা উচিত এবং ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
তবে আজ নামাজের আগে মিম্বারে বসেই চিঠিটি প্রত্যাখ্যান করেন নাজমুল হাসান। মুসল্লিদের সামনে তিনি বলেন, “রোজা আর পূজা এক নয়। সংযত হোন, তাওবা করুন।” এরপর খতিব চিঠিটি প্রদর্শন করে নিজ হাতে ছিঁড়ে ফেলেন। মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” ধ্বনি দেন।
চিঠিতে আরও বলা হয়েছিল, খতিব ব্যক্তি হিসেবে রাজনৈতিক মত রাখতে পারেন, কিন্তু মিম্বার থেকে দলীয় বক্তব্য দেওয়া অনুচিত। মসজিদে বিভিন্ন দলের মানুষ একসাথে নামাজ আদায় করে, তাই ধর্মীয় স্থানে রাজনৈতিক প্রচার শোভন নয়।
চিঠির অনুলিপি ডিয়ারাবাড়ী আর্মি ক্যাম্প, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার, উত্তরা পশ্চিম থানার ওসি এবং ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ও সম্পাদক বরাবর পাঠানো হয়েছিল।
