নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের চিনি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের ৮টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে হতাহত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রুপের চিনি কারখানার কর্মচারী সজল সরকার জানান, সিড ক্যারেসিন সাইলোতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন সাইলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওসমান গণি জানান, মেঘনা গ্রুপের চিনি কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
এ ঘটনার বিস্তারিত জানতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিস লিমিটেডের নির্বাহী পরিচালক (টেকনিকেল) কার্তিক চন্দ্র দাসের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেনি।
