শাহজালালে অগ্নিকাণ্ড: সৈয়দপুর থেকে উড়েনি ৬ বিমান

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ পিএম

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এয়ারফিল্ড বন্ধ রয়েছে। এতে শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবস্থারত ৬টি ফ্লাইট এখনো ছেড়ে যায়নি। ফলে সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ২০০ যাত্রী পুনরায় বিমান চালুর অপেক্ষায় রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে বাহাউদ্দিন জাকারিয়া বলেন, শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন শাহজালাল বিমানবন্দরে অভ্যন্তরীণ বিমান ওঠা নামা বন্ধ করে দেয়।

তিনি বলেন, দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের সময় সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা এয়ার অ্যাস্ট্রার একটি বিমান বিকেল ৩টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া এয়ার অ্যাস্ট্রার আরও ২টি, নভোএয়ারের ২টি ও ইউএস বাংলার ২টি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করলেও ঢাকার ক্লিয়ারেন্স না পাওয়ায় উড্ডয়ন করতে পারেনি। এতে প্রায় ২০০ যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে ভিতরে রয়েছেন। রাত ৯টার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, শনিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো টার্মিনালের ৮ নম্বর গেটে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ভয়াবহ আকার ধারণ করায় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়। এরইমধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত