ইয়েমেনে জাতিসংঘের একটি ভবনে হুথি বিদ্রোহীরা হামলা চালিয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সংস্থার একজন কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। তবে তিনি জানান, জাতিসংঘের কর্মীরা ‘নিরাপদ এবং সুরক্ষিত’ রয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
জাতিসংঘের ইয়েমেনের আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম এএফপিকে বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে সানায় অবস্থিত জাতিসংঘ কম্পাউন্ডে আনসার আল্লাহ নিরাপত্তা সদস্যরা অবৈধভাবে প্রবেশ করেছে। যেখানে বর্তমানে জাতিসংঘের ১৫ জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন।
তিনি আরও জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী, কম্পাউন্ডে থাকা সকল কর্মী নিরাপদ এবং সুরক্ষিত আছেন এবং তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।
আলাম বলেন, এটি ‘একটি চলমান ঘটনা’ এবং জাতিসংঘ ‘প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিচ্ছে।’ জাতিসংঘ জানিয়েছে, ‘বিদ্রোহীরা গত ৩১ আগস্ট সানায় জাতিসংঘ কার্যালয়ে হামলা চালিয়ে ১১ জনেরও বেশি কর্মীকে আটক করেছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ হুথি কর্মকর্তা এএফপিকে বলেন, আটক ওই কর্মীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে।
শনিবার জাতিসংঘের মুখপাত্র স্টিফান ডুজারিক এক বিবৃতিতে বলেন, আমরা আমাদের ৫৩ জন সহকর্মীর নির্বিচারে আটকের অবসানের আহ্বান অব্যাহত রাখব।
জাতিসংঘের মতে, দশ বছরের গৃহযুদ্ধ আরব উপদ্বীপের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মধ্যে ফেলে দিয়েছে।
