ময়মনসিংহে ইজিবাইক চালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০২:৪১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খোকন মিয়া (৫৫) হত্যা মামলার অন্যতম আসামি মো. একলাছ উদ্দিন (৪৭) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। শনিবার (১৮ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিটঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নিহত খোকন মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার করমা গ্রামের বাসিন্দা। 

নিহত খোকন মিয়া এবং গ্রেপ্তারকৃত আসামি একলাছ উদ্দিনসহ অন্যান্য আসামিরা একই বংশের এবং পরস্পর আত্মীয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। এই বিরোধের জেরে গত ৩ অক্টোবর রাত প্রায় ১০টার দিকে একলাছ উদ্দিনসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে খোকন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা খোকন মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম ও তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা। পরে আহত খোকন মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরদিন (৪ অক্টোবর) ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের ছেলে মো. বিল্লাল হোসেন ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে র‍্যাব বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। তদন্ত শেষে র‍্যাব-১৪, ময়মনসিংহ সিপিএসসি দল আসামি একলাছ উদ্দিনের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে র‍্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় নবীনগর থানার বিটঘর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, ৬ অক্টোবর মামলার প্রধান আসামি মো. বদর উদ্দিন আল সানি বাদল (৪০) কে ঢাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪।

গ্রেপ্তারকৃত একলাছ উদ্দিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত