কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে সাত দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে সড়ক ও জনপথ(সওজ) বিভাগে কর্মরত মাস্টাররোলে কাজ করা কর্মচারীরা।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির শেষে শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এতে সড়ক ও জনপথ বিভাগের সকল দাপ্তরিক কাজ স্থবির হয়ে পড়ে।
তাদের দাবিগুলো হলো: ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত শ্রমিক কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করা।
সওজের সকল মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের ৩২১১১০- আনুষাঙ্গিক প্রতিষ্ঠান কোড হতে মাসিক বেতনসহ সওজ’র সকল মাস্টারোল শ্রমিক কর্মচারীদের বয়স ও শিক্ষা যোগ্যতা শিথিল পূর্বক অবিলম্বে রাজস্ব খাতে আনয়ন করতে হবে।
৩য় ও ৪র্থ শ্রেণির সকল নিয়মিত শ্রমিক কর্মচারীদের দ্রুত স্থায়ীকরণসহ যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
সওজের কর্মরত মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা-২৫ এ অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে।
সওজ’র সকল শ্রমিক কর্মচারীদের পদ সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে মন্ত্রণালয়য়ে প্রস্তাব পাঠাতে হবে।
সওজ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ প্রনয়ন করে প্রকল্প হস্তান্তর করার পরে রাজস্ব খাতে আনয়ন করতে হবে।
সকল উন্নয়ন প্রকল্পে ভাণ্ডরের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ করতে হবে।
