খুলনায় অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। আজ রবিবার সকালে নগরীর শীববাড়ী মোড়ে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এ অভিযান শুরু করে। প্রথম দিন ৩২টি ইজিবাইক আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে খুলনা মহানগরীতে যানজট তীব্র আকার ধারণ করে। এতে নাকাল হয়ে পড়ে নগরবাসী। অবৈধ ইজিবাইকের কারণে এ অবস্থার সৃষ্টি হয়। এই অসহনীয় যানজট নিরসনে রবিবার সকাল থেকে কেসিসি ও কেএমপি যৌথভাবে নগরীতে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে অভিযান শুরু করে। অভিযানের প্রথম দিন ৩২টি ইজিবাইক আটক করা হয়। তবে জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়। ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে এ জরিমানা করা হয়। তবে, যারা তাৎক্ষণিক জরিমানার টাকা দিতে পারেননি তাদের ইজিবাইক পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মনিরুজ্জামান রহিম বলেন, তারা অনেক দিন ধরে অবৈধ ইজিবাইকের ব্যাপারে অভিযোগ শুনে আসছিলেন। এ জন্য কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি কেএমপির ট্রাফিক বিভাগের সহায়তা চাওয়া হয়। সেই কার্যক্রমের অংশ হিসেবে রবিবার থেকে এ অভিযান শুরু হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
