শ্রীপুর

‘এলাকায় আসলেই ঠ্যাং ভেঙে দেব’ সংবাদকর্মীকে ইউপি সদস্যের হুমকি

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে সংবাদ সংগ্রহের জের ধরে এক সংবাদকর্মীকে এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলে ‘পা-ঠ্যাং ভেঙে ফেলার’ হুমকি দিয়েছেন এক ইউপি সদস্য। 

রাস্তার কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের তথ্য সংগ্রহ করতে গিয়ে এই হুমকির শিকার হন সাংবাদিক। 

হুমকির ৪ মিনিট ২৫ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে ফেসবুকে হুমকির সেই অডিওটি ছড়িয়ে পড়ে। তবে হুমকি দেওয়া ইউপি সদস্য পরে নিজের ভুল স্বীকার করেছেন।

হুমকির শিকার সাংবাদিকের নাম শিহাব খান। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্বখণ্ড গ্রামের মৃত আবদুল হাকিম খানের ছেলে এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে কর্মরত আছেন।

সাংবাদিককে হুমকি প্রদানের ঘটনায় স্থানীয় সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শিহাব খান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ইউপি সদস্যের নাম নূরে আলম। তিনি গাজীপুর ইউনিয়নের গাজীপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে ও গাজীপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য।

হুমকিপ্রাপ্ত সাংবাদিক শিহাব খান বলেন, “আজ সোমবার দুপুরে গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাবুলের বাড়ির রাস্তার ইট সলিংয়ের কাজ চলছিল। সেখানে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। 

ভিডিও ও ছবি ধারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বিস্তারিত জানতে চাই। কিছুক্ষণ পর একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। অপরপ্রান্ত থেকে ইউপি সদস্যের ছেলে পরিচয়ে রাস্তার বিষয়ে জানতে চায় এবং উত্তেজিত হয়ে হুমকি দেয়। 

কিছুক্ষণ পর ইউপি সদস্য নিজে ফোনে বলেন, ‘আমার এলাকায় গেলে ঠ্যাংয়ের নালা ভেঙে দেব।’ এই ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় লিখিত অভিযোগ করেছি।”

অভিযুক্ত ইউপি সদস্য নূরে আলম বলেন, “রাগের মাথায় কথা বলে ফেলেছি। আমি কখনোই রাস্তার কাজে নিম্নমানের ইট বা সামগ্রী ব্যবহার করিনি।

সাংবাদিক আমাকে না জানিয়ে বিষয়টি স্যারদের জানিয়েছে, তাই একটু রাগে এমন কথা বলে ফেলেছি। আমি লজ্জিত এবং দুঃখিত।”

গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক (যুব উন্নয়ন কর্মকর্তা) মাহবুব আলম বলেন, “বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাজের মানের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ভালো কাজ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সজাগ থাকবে সাংবাদিকরা—এটাই তাদের প্রকৃত দায়িত্ব। 

কোনো দুর্নীতিবাজ ব্যক্তি সাংবাদিককে হুমকি দিয়ে কাজে বাধা দেবে, এটা চরম অপরাধ। আমরা দ্রুত দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত