অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জিতেছে আফ্রিকার দেশ মরক্কো। প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ পর্যায়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেল দলটি। মরক্কো ২-০ তে হারিয়েছে আর্জেন্টিনাকে। মরক্কোর হয়ে দুটি গোলই করেন মেসির ভক্ত ইয়াসির জাবিরি। কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল, ১৯ বছরের ফরোয়ার্ড জাবিরিকে এক সাংবাদিক প্রশ্ন করেন তার পছন্দের খেলোয়াড় কে? উত্তরে জাবিরি বলেন, মেসির নাম। ২০০৯ সালে ঘানার পর এই প্রথম কোনো আফ্রিকান দল জিতল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ।
ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হালান্ডদের ফুটবল বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। মেসি এই বিশ্বকাপ খেলেছিলেন ২০০৫ সালে। সেবার দলকে চ্যাম্পিয়ন করেছিলেন মেসি। এবার তার উত্তরসূরিরা শিরোপা জিততে পারেনি। দল হারার পর ইনস্টাগ্রামে মেসি বলেন, ‘মাথা উঁচু রাখো ছেলেরা! তোমরা দারুণ একটি টুর্নামেন্ট খেলেছ। আমরা সবাই চেয়েছিলাম তোমাদের হাতে শিরোপা দেখতে, কিন্তু তোমরা মাঠে যা দিয়েছ, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। হৃদয় দিয়ে আকাশি-সাদা জার্সিটা রক্ষা করেছ। এই গর্বটাই সবার ওপরে।’ টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠে এই টুর্নামেন্টে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মরক্কোর গোল দুটি এসেছে প্রথমার্ধে। ম্যাচের শুরুর দিকে দারুণ গোছালো এক আক্রমণে গোলটা প্রায় পেয়েই গিয়েছিলেন জাবিরি। তবে বিপদ আঁচ করতে পেরে বক্সের ঠিক বাইরে এসে তাকে ফাউল করেন আর্জেন্টাইন গোলকিপার সান্তিনো বারবি। ভিএআর যাচাইয়ের পর বাবরিকে হলুদ কার্ড দেখান রেফারি। সেই সঙ্গে মরক্কোকে ফ্রি কিক নেওয়ার নির্দেশ দেন। সেই সুযোগটাই কাজে লাগান জাবিরি। ১২ মিনিটে বাঁ পায়ে জোরালো শটে গোল করেন। ২৯ মিনিটে ব্যবধান বাড়িয়ে জাবিরি আনন্দে না ভেসে সেজদা করতে লাগলেন। দুই গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা বিরতির পর ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টা করে, তবে দিনটি ছিল মরক্কোর। রেফারি শেষ বাঁশি বাজাতেই হতাশায় মাঠে লুটিয়ে পড়েন আর্জেন্টিনার খেলোয়াড়রা। আর মরক্কানরা আনন্দে ছোটাছুটি করেছেন।
