নাহিদ ইসলাম

জুলাই সনদের কাগুজে মূল্যে বিশ্বাসী নই, সাংবিধানিক আদেশ চাই

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৪২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আজকের বৈঠকে আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি। আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি। জুলাই সনদের শুধু কাগুজে মূল্যে আমরা বিশ্বাসী নই। এটা বাস্তবায়ন কীভাবে হবে সেটা সম্পর্কে নিশ্চয়তা পাবার পর আমরা সই করব।

বুধবার সন্ধ্যায় যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি। যে আদেশ ড. মুহাম্মদ ইউনূস সরকারপ্রধান হিসেবে জারি করবেন। কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার বৈধতা তার কাছে।  প্রেসিডেন্ট চুপ্পুর নয়।  এর আইনি ও রাজনৈতিক কারণ আমরা তুলে ধরেছি।

তিনি আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন কিছু দলের প্রতি পক্ষপাত করছে। আমরা বিষয়টি জানিয়েছি। এছাড়াও বিসিএসে একই ব্যক্তি শিক্ষা ক্যাডারেও থাকলেও পরের নিয়োগেও একই ক্যাডার পায়।  তখন তিনি সিনিয়রিটি বজায় রাখতে আগের ক্যাডারেই থেকে যান। ফলে নতুন ক্যাডারে আরেকজন বঞ্চিত হয়।

প্রতীকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীকের বিষয়ে যদি ইসি সাংবিধানিক ও আইনি ব্যাখ্যা দেয় তবে অন্য প্রতীকের কথা ভাবা হবে। অন্যথায় শাপলা প্রতীক না পেলে নির্বাচনে অংশ নেবে না এনসিপি।

জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের প্রক্রিয়া নিশ্চিত হলে এনসিপি সই করব উল্লেখ করে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন না হলে সরকারকে দায় নিতে হবে। জুলাই সনদ নিয়ে গণভোট ছাড়া নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া ও বর্তমান আচরণ নিরপেক্ষ নয়। প্রতিষ্ঠানটি সাংবিধানিকভাবে কাজ করছে না। তারা কোনো দলের পক্ষে কাজ করছে আবার কোনো দলের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। এ সময় কমিশন পুনর্গঠন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

গুম-খুনে জড়িত সেনা সদস্যদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সরকারকে সাধুবাদ জানান নাহিদ ইসলাম। এছাড়া, প্রশাসনের দলীয়করণ নিয়েও আপত্তি জানায় দলটি।

এর আগে নির্বাচন ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার আমন্ত্রণে এনসিপির প্রতিনিধিদল যমুনায় যায়।  বিকেল ৫টায় এনসিপির প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়।  এ সময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উপস্থিত ছিলেন।

১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থানের ভিন্নতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার এই উদ্যোগ নিয়েছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত