তহবিল সংকটে ঝুঁকির মুখে পোলিও নির্মূল কার্যক্রম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম

বৈশ্বিক পোলিও নির্মূল উদ্যোগ বড় ধরনের তহবিল সংকটে পড়তে চলেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দ্য গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভ (জিপিইআই) নামে একটি যৌথ উদ্যোগে বিশ্ব জুড়ে শিশুদের বিনামূল্যে পোলিও টিকা খাওয়ানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ২০২৬ সাল নাগাদ জিপিইআইকে ৩০ শতাংশ বাজেট কমাতে হবে। আর ২০২৯ সাল নাগাদ এ উদ্যোগ ১৭০ কোটি মার্কিন ডলার তহবিল সংকটে পড়বে। এই তহবিল সংকট বিশ্ব জুড়ে চলা পোলিও নির্মূল কার্যক্রমের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্য গেটস ফাউন্ডেশনসহ আরও কয়েকজন অংশীদারের উদ্যোগে পোলিও নির্মূল কার্যক্রম পরিচালিত হয়।

ডব্লিউএইচওর পোলিও নির্মূল কার্যক্রমের পরিচালক জামাল আহমেদ গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, তহবিল উল্লেখযোগ্য হারে কমার অর্থ ... নির্দিষ্ট কিছু কার্যক্রম আর চালিয়ে নেওয়া সম্ভব হবে না।

কর্মকর্তারা বলেন, তহবিলের এই ঘাটতি মূলত বৈদেশিক সাহায্য হ্রাসের কারণে, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে তহবিলের জোগান অনেক কমে যাওয়ায়। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি।

জার্মানি ও যুক্তরাজ্যের মতো কয়েকটি বড় দাতা দেশও তাদের বরাদ্দ কমিয়েছে। এ অবস্থায় সংকট মোকাবিলায় বৈশ্বিক পোলিও নির্মূল উদ্যোগ নিজেদের সামর্থ্যকে উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি ও টিকাদান কর্মসূচিতে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছে। এ উদ্যোগটি অন্য স্বাস্থ্য কর্মসূচির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার কৌশলও গ্রহণ করবে। এ ছাড়া খরচ কমাতে নিম্ন-ঝুঁকিপূর্ণ অঞ্চলে সংক্রমণের প্রাদুর্ভাব না ঘটলে কার্যক্রম হ্রাসের পরিকল্পনাও করা হয়েছে। বিশ্ব থেকে পোলিওকে নির্মূল করতে কয়েক দশক ধরে কাজ চলছে। ১৯৮৮ সাল থেকে ব্যাপক টিকাদানের ফলে সংক্রমণের সংখ্যা নাটকীয়ভাবে অনেক কমে গেছে। তবে এ ভাইরাস এখনো নির্মূল হয়নি। বিশ্বের কয়েকটি অঞ্চলে এখনো এর উপস্থিতি রয়ে গেছে।

প্রথমবার ২০০০ সালের মধ্যে বিশ্বকে পোলিওমুক্ত করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল, যা অর্জন করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পোলিও ভাইরাসের সংক্রমণ লক্ষণবিহীন হওয়ায় রোগটি ছড়ানোর পথ অনুসরণ করা কঠিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত