বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিন দিনমজুর হত্যার মামলার আসামি মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগরসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা মহানগরের ডেমরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মুন্সীগঞ্জ শহরের চরশিলমন্দি এলাকার বাসিন্দা ও মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর (৩০) ও তার সহযোগী সদর উপজেলার মীরকাদিম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাগর মিয়া (২৯)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে এই তথ্য নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) মো. কামরান হোসেন জানান, সাজ্জাদ হোসেন সাগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আগ্নেয়াস্ত্র মহড়া দিয়েছেন এবং তিন দিনমজুর হত্যাকাণ্ডেরও নেতৃত্ব দেন। গোপন খবর পেয়ে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গত বছর ৪ আগস্ট শহরের থানারপুল এলাকা থেকে কৃষিব্যাংক মোড় ও মানিকপুর পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংঘর্ষে দিনমজুর রিয়াজুল ফরাজী, সজল মোল্লা ও নুর মোহাম্মদ ডিপজল নিহত হন। এই ঘটনায় অন্তত ৮৯ জন আহত হন। পরে তিনটি পৃথক হত্যা মামলায় সাজ্জাদ হোসেন সাগর এজাহারভুক্ত আসামি ছিলেন।
