মালয়েশিয়ায় জোড়া খুনের ঘটনায় বাংলাদেশিসহ ৩ জন রিমান্ডে

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পিএম

মালয়েশিয়ার পেনাং রাজ্যের কাম্পুং সেকোলা জুরুতে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় এক বাংলাদেশিসহ দুইজনকে আটক করে প্রত্যেককে ৭ দিনের জন্য রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। তবে ওই বাংলাদেশির নাম পরিচয় জানা যায়নি।  

দেশটির গণমাধ্যম সিনার হারিয়ান ও আস্ত্রো আওয়ানি বিষয়টি নিশ্চিত করেছে। 

প্রতিবেদনে বলা হয়, গত ১৮ অক্টোবর পেনাং রাজ্যের কাম্পুং সেকোলা জুরু এলাকার একটি বাড়িতে এক মা ও তার ১১ বছর বয়সি পালিত কন্যার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ৫১ বছর বয়সি ওই নারী কেক বিক্রি করতেন। ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে।  

এঘটনায় নিহত নারীর ৫৭ বছর বয়সি স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এক সপ্তাহের জন্য রিমান্ডে নেওয়া হয়।

এরপর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২০ অক্টোবর আরও দুইজনকে আটক করা হয়। এর মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি রয়েছে।তাদের আদালতে তোলা হলে আদালত তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত এই দুই সন্দেহভাজন পুলিশ হেফাজতে থাকবেন। এই সময়ের মধ্যে পুলিশ হত্যার রহস্য উন্মোচনের জন্য বিস্তারিত তদন্ত চালাবে।

পেনাং পুলিশ প্রধান দাতুক আজিজি ইসমাইল জানান, আটক দুই সন্দেহভাজনের বয়স চল্লিশের কোঠায়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত