মুন্সীগঞ্জে শতবর্ষী মীরকাদিম খাল রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম

“খাল বাঁচাও, মীরকাদিম বাঁচাও”-শ্লোগান সামনে রেখে মুন্সীগঞ্জ সদরের শতবর্ষী প্রাচীন মীরকাদিম খাল রক্ষার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে “মীরকাদিম পৌর খাল ও পরিবেশ রক্ষা মঞ্চ” নামে সংগঠনের ব্যানারে সদর উপজেলার মীরকাদিম পৌরসভার রিকাবীবাজার উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রীজের সামনে মানববন্ধন করে। 

সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত একঘন্টার ওই মানববন্ধনে পরিবেশ কর্মী, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও শিক্ষার্থীসহ পৌর নাগরিকবৃন্দ অংশ নেন। 

মানববন্ধনে মীরকাদিম পৌর খাল ও পরিবেশ রক্ষা মঞ্চের সভাপতি মাহফুজ আহমেদ রিন্টুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন, গ্রিনের ভয়েসের ফাহমিদা নাজরিন, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, জেলা সিপিবির সভাপতি শ. ম কামাল, কবি তাহের মাহমুদ, মো. জাহাঙ্গীর, মীরকাদিম পৌর খাল ও পরিবেশ রক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর পলাশ প্রমুখ। 

পরে জেলা প্রশাসক, মীরকাদিম পৌর প্রশাসক ও জেলা পরিবেশ অধিদপ্তর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। 

মানববন্ধনে বক্তারা শতবর্ষী মীরকাদিম খাল রক্ষার্থে গভীর খনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বর্জ্য ব্যবস্থাপনার জোর দাবী করেন। 

তারা বলেন, মীরকাদিম পৌর এলাকার প্রধান খাল গুলো দখল ও বর্জ্যে ভরাট হয়ে পড়ায় প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে। পাশের নয়নের খালসহ অন্যান্য জলাধারেরও একই দুরবস্থা দেখা দিয়েছে। এরফলে বর্ষাকালে তীব্র জলাবদ্ধতা, দুর্গন্ধ ও মশাবাহিত রোগে নাগরিক জীবনে চরম ভোগান্তি দেখা দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত