ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী সড়কে দুর্ঘটনায় দুইজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি শুক্রবার গভীর রাতে, প্রায় ৩টার দিকে ঘটেছে।
শিবচর হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৯১৪৯) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পরবর্তীতে বাসের যাত্রীরা গাড়ি থেকে নেমে সামনের দিকে দাঁড়ালে, একই লেনে থাকা একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-১৬৬১) বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা যাত্রী নিহত হন এবং চার থেকে পাঁচজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজন নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
