ঋতু পরিবর্তনের এ সময়ে অনেকেরই গলাব্যথার সমস্যা দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় যাকে ‘সোর থ্রোট’ বলা হয়। ঘুম থেকে উঠে ঢোক গিলতে গেলে গলায় কাঁটার মতো কিছু একটা ফোটে। পানি খেতে গেলেও কষ্ট হয়। গার্গল করে, ভেপার নিয়েও যদি গলাব্যথা না কমে তা হলে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করে সমাধান করতে পারেন।
মধু
গলাব্যথায় দারুণ কার্যকর মধু। মধুতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা গলা এবং শ^াসনালিতে সমস্যা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ভাইরাসকে ধ্বংস করে ফেলতে সক্ষম। সকালে হালকা গরম পানিতে বা ভেষজ চায়ে ২ চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন।
দারুচিনি
সর্দি-কাশি থেকে রেহাই পেতে দারুচিনির জুড়ি মেলা ভার। তা ছাড়া গলাব্যথাতেও দুর্দান্ত কাজ দেয় এই মসলা। বিভিন্ন ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে দারুচিনি। রোজকার চায়ে সামান্য দারুচিনি মিশিয়ে খেলে অল্প দিনেই উপকার পাবেন।
রসুন
গলাব্যথা কমাতে অনেকেই রসুন খান।। রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন নামক একটি উপাদান, যা গলাব্যথা তো বটেই, সংক্রমণজনিত জ¦র, ফ্লু সারাতেও দারুণ কাজ করে।
হলুদ-দুধ
হলুদের জীবাণুরোধক ক্ষমতা অপরিসীম। টিস্যুর প্রদাহ থেকে রক্ষা করে হলুদ। তাই গলার ব্যথা কমাতে অনেকেই এক কাপ দুধে সামান্য হলুদ মেশান। তারপর সেই দুধ ফুটিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে গরম গরম খান। এই হলুদ মেশানো দুধ যেকোনো সংক্রমণ বা গলাব্যথা কমানোর ক্ষেত্রে খুব কার্যকর।
