ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ জিতবে, আশা বুলবুলের 

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়াটাই বৈশ্বিক আসরে বাংলাদেশ ক্রিকেটে একমাত্র প্রাপ্তি। ২০২০ সালে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল আকবর আলীর নেতৃত্বাধীন দল। সবশেষ দুই যুব এশিয়া কাপেও শিরোপা জিতেছে বাংলাদেশ। কিন্তু ছেলেদের জাতীয় দলের ক্যাবিনেটটা একেবারে শূন্য। বিশ্বকাপ তো দূরে থাক, তিন তিনবার এশিয়া কাপ ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ।

শুক্রবার রাতে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন তিনি। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের আশা, বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের আগেই বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ জিতবে।  

বিসিবি সভাপতি বলেন, ‘ছেলেদের ক্রিকেট অবশ্যই ভালো করবে। তবে আমার মনে হয় ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। চলমান বিশ্বকাপে ছোট ছোট ভুল না করলে হয়তো আমাদের আজকে পাঁচটা জয় হতো, সেমিফাইনাল খেলার মতো একটা দল হতে পারতাম। আমরা ভুল থেকে শিখছি। আমরা আপনাদের নিরাশ করব না।’

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে ৬ ম্যাচে কেবল ১ ম্যাচ জিতে পয়েন্ট টেবলের তলানিতে আছে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে যে পাঁচ ম্যাচ হেরেছে টাইগ্রেসরা, সেগুলোর মধ্যে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু কিছু ভুলের খেসারত দিয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

অবশ্য দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে খেলতে গিয়ে এবার বেশ চমক উপহার দিয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারানোর পর দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে চোখ রাঙিয়েছে টাইগ্রেসরা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে। কাছে গিয়ে হারা ম্যাচগুলো হাতছাড়া না করলে এবারের টুর্নামেন্টেই সেমিফাইনাল খেলার সুযোগ ছিল নিগারদের।

বিসিবি সভাপতি নারী ক্রিকেটে উন্নতির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক উন্নতির ওয়াদা করেছেন৷ তিনি বলেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখেন, আমরা বাংলাদেশ ক্রিকেটকে এমন উচ্চতায় নিয়ে যাব ইনশাআল্লাহ, যাতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে গর্ব করতে পারি। বাংলাদেশে আমরা শুধু ক্রিকেটার তৈরি করব না, আমরা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশে ভালো নাগরিক তৈরি করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত