চীন-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের আলোচনা শুরু, মূল লক্ষ্য বাণিজ্য যুদ্ধ শিথিল করা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১০:২১ এএম

চীনের শীর্ষ বাণিজ্য কর্মকর্তা লি চেংগাং এবং উপপ্রধানমন্ত্রী হে লিফেং রবিবার (২৬ অক্টোবর) কুয়ালালামপুরে পৌঁছেছেন। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনার দ্বিতীয় দিনের জন্য আসিয়ান সম্মেলনের প্রাঙ্গণে মিলিত হচ্ছেন।

চীনা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রীয়ারের সঙ্গে বৈঠক করছেন। আলোচনার মূল লক্ষ্য হলো চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ শিথিল করা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, ১ নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ নতুন শুল্ক এবং অন্যান্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর প্রতিক্রিয়ায় চীন সম্প্রসারিত রপ্তানি নিয়ন্ত্রণ করেছে, বিশেষ করে বিরল খনিজ ধাতু ও চৌম্বক সামগ্রীর ওপর।

গতকাল শনিবার আলোচনার প্রথম দিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের একজন মুখপাত্র জানান, আলোচনার ফলপ্রসূ হয়েছে। আলোচনা সফল হলে আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের পথ সুগম হবে।

দ্বিপাক্ষিক বৈঠক ইতোমধ্যে হোয়াইট হাউসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তবে বেইজিং এখনও দুই নেতার বৈঠক নিশ্চিত করেনি।

পাঁচ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প রবিবার সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত