মিরপুরে কারখানায় আগুন

বোরকা দেখে মেয়ের লাশ চিনলেন বাবা, নিহত বেড়ে ১৭ জনে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম

রাজধানীর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনার ১৩ দিন পর মিলল নিখোঁজ মার্জিয়া সুলতানার (১৮) অঙ্গার লাশ। এ নিয়ে ঘটনাটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ জনে। রোববার বিকেলে স্বজনরা পুলিশের সহযোগিতা নিয়ে পোশাক কারখানাটির ৩য় তলা থেকে তার লাশ খুঁজে পায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

রূপনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্ধ্যার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের পোশাক কারখানার ভিতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ঘটনাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭।

তিনি জানান, উদ্ধার হওয়া লাশটি ছেলের না মেয়ের তা বোঝা যায়নি। ঘটনার পর থেকে একটি পরিবার তাদের মেয়ে নিখোঁজ থাকার বিষয়টি অভিযোগ করছিল। হতে পারে লাশটি সেই মেয়ের। মার্জিয়ার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা রাজাপুর গ্রামে। 

এদিকে, মার্জিয়া সুলতানার বাবা সুলতান মিয়া জানান, তাদের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লা গ্রামে। স্বামী জয় মিয়ার সাথে একই গার্মেন্টসে চাকরি করত মার্জিয়া। ঘটনার পর জয়ের লাশ পাওয়া যায়। তবে নিখোঁজ ছিল মার্জিয়া। বারবার পুলিশের কাছে বলেও কোন লাভ হয়নি। 

তিনি বলেন, আমাদের বিশ্বাস ছিল মর্জিয়ার লাশ ওই ভবনেই রয়েছে। এজন্য বারবার ভবনটিতে খোঁজার চেষ্টা করছিলাম। কিন্তু কেউ সুযোগ দিচ্ছিল না। এজন্য রোববার বিকেলে আমরা থানায় গিয়ে পুলিশ নিয়ে ওই ভবনে যাই। এক পর্যায়ে ৩য় তলায় মেশিনের নিচে চাপা পড়া একটি মরদেহ পাই। এটিই আমার মেয়ের লাশ। তার পরনের বোরকা দেখে চিনতে পেরেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত