মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস (আসিয়ান) এর ৪৭তম শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের প্রায় দুই ডজন নেতা ইতিমধ্যে কুয়ালালামপুরে পৌঁছেছেন। গতকাল রবিবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপী এই সম্মেলনের পাশাপাশি একাধিক পার্শ্ব বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে রবিবার ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি যৌথ ‘শান্তিচুক্তি’ স্বাক্ষর করেছে। এটিকে দুই দেশের বিরোধপূর্ণ সীমান্তে শত্রুতা বন্ধ এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।
মালয়েশিয়ায় অবতরণের পর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং স্থানীয় নৃত্যশিল্পীদের একটি দল। সে সময় রেড কার্পেটে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচেও অংশ নেন। পরে আসিয়ান সভাপতি হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেছেন। চুক্তিতে সই করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার ‘সতর্ক নেতৃত্ব’ এবং ‘অবিরাম প্রচেষ্টা’ ছাড়া শান্তিচুক্তি বাস্তবায়ন সম্ভব হতো না। তিনি বলেন, যতই জটিল ও কঠিন বিবাদ হোক তা শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত। হুন মানেত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকেও ধন্যবাদ জানান এবং আন্তর্জাতিক গোষ্ঠীর সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করেন।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিনও ট্রাম্পের চেষ্টা এবং থাইল্যান্ডের রাজমাতা সিরিকিতের মৃত্যুর পর তার সমবেদনা জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অস্ত্র সরানো এবং যুদ্ধবন্দিদের মুক্তি শিগগিরই শুরু হবে এবং এই চুক্তি স্থিতিশীল শান্তির ভিত্তি হিসেবে কাজ করবে, যদি তা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হয়। গত জুলাই মাসে দুই দেশের সীমান্তে টানা পাঁচ দিনের ভয়াবহ সংঘর্ষের পর ট্রাম্পই তাদের মধ্যে শান্তিচুক্তির মধ্যস্থতা করেছিলেন। ওই সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত হন এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হন যা ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সীমান্ত সহিংসতা।
আসিয়ান সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় অংশ নেয় চীন, ব্রাজিলসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, দুর্লভ খনিজ থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মনে হচ্ছে নেতাদের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক হতে যাচ্ছে। এ ছাড়াও ট্রাম্পের ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে শুল্ক ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। লুলা জানান, ওয়াশিংটনের আরোপিত ৫০ শতাংশ শুল্ক ভুল পদক্ষেপ, কারণ গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪১০ বিলিয়ন ডলার। ট্রাম্প অবশ্য এশিয়া সফরে রওনা হওয়ার সময় ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজনে শুল্ক কমানো যেতে পারে।
আসিয়ানে নতুন সদস্য পূর্ব তিমুর
রবিবার পূর্ব তিমুর আনুষ্ঠানিকভাবে আসিয়ানের ১১তম সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে। ১৪ বছর অপেক্ষার পর পূর্ব তিমুর আসিয়ানের সদস্য হলো। এশিয়ার দরিদ্রতম দেশগুলোর একটি পূর্ব তিমুরের জনসংখ্যা মাত্র ১৪ লাখ এবং জিডিপি প্রায় ২ বিলিয়ন ডলার যা আসিয়ানের সম্মিলিত ৩.৮ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির ক্ষুদ্র অংশমাত্র। তবুও এই সদস্যপদ দেশটির জন্য প্রতীকী বিজয় বলে মনে করছেন প্রেসিডেন্ট রামোস-হোর্তা ও প্রধানমন্ত্রী জ্যানানা গাসমাও, যারা স্বাধীনতা সংগ্রামের নায়ক হিসেবে খ্যাত।
