সালাহউদ্দিন আহমদ

ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে জোট করতে চায় বিএনপি

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর জোট গঠন করতে চায় বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। এ ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়, সে বার্তাও দিতে চায় দলটি।

আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে তিনি জানান, দল ও মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই এই বৈঠক চলছে।

বিএনপির এই নেতা আরও জানান, তরুণ যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কর্মসূচি প্রণয়ন করা হবে। তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত