নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চেতনানাশক ছিটিয়ে অজ্ঞান করে এক ব্যবসায়ীর বসতবাড়ির ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলা সদরের হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী ইনসাফ বস্ত্র বিতানের মালিক কামরুল ইসলামের বাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা জানালার টিন সরিয়ে ঘরে প্রবেশ করে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে। পরে নগদ ২ লাখ টাকা, ৯ ভরি স্বর্ণের গহনা, দুইটি মোবাইল ফোন ও অন্যান্য প্রয়োজনীয় মালামালসহ প্রায় ২০ লাখ টাকার জিনিস পত্র চুরি করে নিয়ে যায়।
ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, আমি আমার এক অসুস্থ্ আত্মীয়কে দেখে মধ্যরাতে বাড়িতে আসি। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের আগে আমার মেয়ের চিৎকার শুনে জেগে উঠে দেখি পুরো ঘর তছনছ। স্ত্রীর ৯ ভরি স্বর্ণ, নগদ দুই লাখ টাকা, আমার ও আমার ছেলের স্মার্টফোনসহ মূল্যবান সব মালামাল চুরি হয়ে গেছে। ঘরের সবাইকে ডাকলেও তারা না উঠায় বুঝতে পারি তাদেরকে অজ্ঞান করা হয়েছে। আমার চিৎকার শুনে ঘরের আশপাশের লোকজন আসে, এসময় চোররা বাগান দিয়ে পালিয়ে যায়।
চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ বলেন, এ ধরনের সংঘটিত চুরির ঘটনা গভীর উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে উদ্যোগী হতে হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে। পুনরায় এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য সতর্কতা প্রয়োজন'।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, চর ঈশ্বর ইউনিয়নে ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় পুলিশকে ইতোমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করব এবং ভুক্তভোগী পরিবারের অভিযোগের আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
মাটি ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা
কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নিহত ১