চট্টগ্রাম বন্দর

বর্ধিত ট্যারিফ নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করবে বন্দর কর্তৃপক্ষ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পিএম

চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ ইস্যুতে আলোর রেখা দেখা দিয়েছে। ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে উভয় পক্ষের মধ্যে মিটিং হবে এবং সেই আলোচনায় নির্ধারিত হবে খাত ভিত্তিক ট্যারিফ।  বুধবার (২৯ অক্টোবর) পোর্ট ইউজার্স ফোরামের প্রেসিডেন্ট ও চিটাগাং চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ব্যবসায়ীদের সমাবেশে একথা বলেন।

বক্তব্যে আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামদ বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সাহেব চট্টগ্রাম’ বন্দর ব্যবহারকারীদের সাথে বৈঠকে সম্মত হয়েছেন। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই বৈঠক হবে ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সাথে বৈঠকেই সিদ্ধান্ত হবে কোন কোন খাতে যৌক্তিকভাবে ট্যারিফ বাড়ানো যায়। আমরাও এটা চেয়েছিলাম যে আমাদের সাথে আলোচনা হউক। আর এতে আমরা যে আন্দোলন নিয়ে মাঠে ছিলাম তাতে সফল হয়েছি।

এর আগে গত ১৮ অক্টোবর এক প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ ইস্যুতে সাত দিনের মধ্যে ট্যারিফ ইস্যুতে ব্যবসায়ীদের সাথে আলোচনা করা না হলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দিয়েছিল পোর্ট ইউজার্স ফোরাম। একইসাথে পরিবহন ধর্মঘট ও কাস্টমস সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন চার ঘন্টা করে দুই দিন কর্মবিরতি করেছিল। পরবর্তীতে বন্দরে পরিবহন ও চালকদের প্রবেশে বর্ধিত গেইট ফি স্থগিত করায় কর্মসূচী প্রত্যাহার করা হয়েছিল।

সমাবেশে বিজিএমইএর পরিচালক এমএ সালাম বলেন, চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ নিয়ে আমরা সোচ্চার ছিলাম। আজ একটা ফলপ্রসু আলোচনার পথে যাচ্ছে বন্দরের বর্ধিত ট্যারিফ। 

এদিকে আগামী ১ নভেম্বর চিটাগাং চেম্বারের নির্বাচন। চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ ইস্যুতে পোর্ট ইউজার্স ফোরামের পক্ষে যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন অর্থাৎ ট্যারিফ আন্দোলনকে একটি প্ল্যাটফর্মে এনেছেন তিনি চিটাগাং চেম্বারের সাবেক পরিচালক ও সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল হক। এবারের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রয়েছেন। ব্যবসায়ীদের অনেকের ধারনা চেম্বার নির্বাচনে ব্যবসায়ীদের একটি প্ল্যাটফর্মে আনতে আমিরুল হক ট্যারিফ ইস্যু বেছে নিয়েছেন। তবে আলোচনা যাই থাকুক এই ইস্যুতে তিনি সফল হয়েছেন বলে মন্তব্য করেন কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম। 

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের ব্যবহারভোগী সারাদেশের মানুষ। সারাদেশের মানুষের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি তো চেম্বারের নেতৃত্বে আসবেন। আর নেতৃত্বে এলে এমন অনেক বড় বড় ইস্যু নিয়ে তিনি নেতৃত্ব দিবেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত