রাতে পুলিশের অভিযান, সকালে ধানক্ষেতে আসামির মরদেহ

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১২:২২ এএম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামে গভীর রাতে পুলিশি অভিযানের পর সকালে ওয়ারেন্টভুক্ত আসামি আবু সাদাদ সায়েম (৫০)-এর মরদেহ উদ্ধার হয়েছে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে এসআই মানিক মিয়ার নেতৃত্বে হালুয়াঘাট থানার-পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি সায়েমকে ধরতে তাদের বাড়িতে যায়। এ সময় সায়েম পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। কিছুক্ষণ পর পুলিশ চলে যায়।

গতকাল শুক্রবার ভোরে সায়েমের বাবা মোসলেম উদ্দিন বিল্লাল ছেলেকে খুঁজতে বের হলে বাড়ির পেছনের ধানক্ষেতে তার ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, পারিবারিক জমি নিয়ে নিহত সায়েমের পরিবারের সঙ্গে তার চাচা মোজাম্মেল হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে সম্প্রতি হাতাহাতির ঘটনা ঘটে এবং মোজাম্মেল হোসেনের পরিবারের সদস্যরা থানায় একটি মামলা করেন।

এই মামলার আসামি হিসেবে বৃহস্পতিবার রাতে পুলিশ সায়েমকে ধরতে বাড়িতে আসে। এ বিষয়ে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি। নিহত ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর ফেলে রাখা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ছাড়া পুলিশের কোনো গাফিলতি বা অনিয়ম থাকলে তাও তদন্তের মাধ্যমে বের করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত