জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। গতকাল শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ করেছি। পিআর পদ্ধতি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে সেটির অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। আর গণভোট নির্বাচনের আগে হবে, না পরে হবে এ বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি। এ ছাড়া গণভোটের বিষয়ে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে সে বিষয়টির সিদ্ধান্ত এখনো নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি। প্রবাসীদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রবাসী ভোটারদের নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করা হবে। যারা কয়েদি আসামি রয়েছেন তারাও যাতে ভোট দিতে পারেন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
