মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে রেলপথ অবরোধের চার ঘণ্টার পর সচল হয়েছে মৌলভীবাজারের রেল যোগাযোগ।
শনিবার (০১ নভেম্বর) সকাল ১০টার দিকে শুরু হওয়া এই কর্মসূচি রেল কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পর দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে ‘আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ সংগঠনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক এম আতিকুর রহমান আখই জানান, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া অবরোধ তুলে নেওয়া হয়েছে।
আন্দোলনকারীদের আট দফা দাবি হলো- ঢাকা-সিলেট রুটে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস দ্রুত চালু, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজারে দুটি স্পেশাল ট্রেন, আখাউড়া-সিলেট রুট ডুয়েলগেজ ডাবল লাইন, আখাউড়া-সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন চালু, বন্ধ স্টেশন পুনরায় চালু, কুলাউড়া ও শ্রীমঙ্গল স্টেশনে আসন সংখ্যা বৃদ্ধি, কালনী ও পারাবত ট্রেনের অপ্রয়োজনীয় স্টপেজ বাতিল ও ত্রুটিমুক্ত ইঞ্জিন ও অতিরিক্ত বগি সংযোজন।
কুলাউড়া স্টেশনের স্টেশনমাস্টার মো. রোমান আহমদ জানান, অবরোধের কারণে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলে কিছু সময় আটকা পড়ে।
