বরগুনার আমতলীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে দোকান ও বসতবাড়ি গড়ে তুলেছে প্রভাবশালীরা। জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ২০ নম্বর পূর্ব কেওয়াবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ইউছুফ হাওলাদার, আলতাফ হাওলাদার, হালিম হাওলাদার, মোতালেব হাওলাদার, হাবিবুর রহমান, আবু বকর, পাশা মিয়া, গিয়াস উদ্দিন।
সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবর বিদ্যালয়ের জমি উদ্ধারের জন্য লিখিত আবেদন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা বেগম। কিন্তু এতে কোনও সুরাহা মিলেনি।
জানা যায়, ১৯৬৫ সালে কমিউনিটি স্কুল প্রতিষ্ঠা হয়। এরপরে ১৯৭৩ সালে জাতীয়করণ হয়। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে ঐ এলাকার মৃত. মৌজে আলী হাওলাদার ও মৃত. কাছেম আলী হাওলাদার ৬২ শতাংশ জমি ঐ বিদ্যালয়ের নামে সাবরেজিস্ট্রি অফিসের মাধ্যমে দলিল করে দেন বিদ্যালয়ের নামে। প্রকৃতপক্ষে বিদ্যালয় মূল জমি থেকে প্রায় অর্ধেক জমি ভোগ দখল করে আসছেন স্থানীয় প্রভাবশালীরা। কেউ টিনসেট বসতবাড়ি, কেউ দালান, কেউ দোকান ঘর তৈরি করে দখলে নিয়ে তারা বসবাস করছেন।
এ ঘটনায় জমি দখলকারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে মিথ্যা মামলা করার হুমকি দেন। বিদ্যালয়ের জমি উদ্ধারের জন্য প্রশাসনের সকল ধরনের সহযোগিতা চেয়েছেন প্রধান শিক্ষিকা ও এলাকাবাসী।
স্থানীয় আলী হাওলাদারসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রভাবশালীরা বিদ্যালয়ের জমি জোর করে ভোগদখল করছেন। এমন কি তারা বিদ্যালয়ের জমি থেকে বড় বড় গাছ কেটে নিয়ে যাচ্ছেন। প্রধান শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষ জমি উদ্ধারের জন্য চেষ্টা শুরু করলেই প্রভাশালীরা বিদ্যালয় কর্তৃপক্ষকে বিভিন্নভাবে হুমকি দেন। জমি উদ্ধারে একাধিকবার শালিস বৈঠক হলেও কোনও সমাধান হয়নি।
এ বিষয় বিদ্যালয়ের জমি দখলকারীদের বক্তব্য নিতে গেলে সাংবাদিক দেখে তারা বক্তব্য দিতে রাজি হননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা বেগম বলেন, জমি উদ্ধারের জন্য উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত আবেদন করেছি। এই আবেদন করায় প্রভাবশালীরা আমাকে বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছেন।
আমতলী উপজেলা শিক্ষা অফিসার মো. শফিউল আলম মুঠোফোনে বলেন, সরকারি বিদ্যালয়ের জমি কেউ দখল করে ভোগ দখল করতে পারবে না। প্রশাসনিকভাবে জমি উদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান মুঠোফোনে বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা পুলিশের মুখোমুখি
অবশেষে টস জিতল ভারত; আনন্দে মার্শকে জড়িয়ে ধরলেন সূর্যকুমার