চট্টগ্রামের বাঁশখালী মো. মামুন নামে এক টমটম চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর কাদেরিয়া মাদরাসার পাশে পরিত্যক্ত একটি ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন (৪৫) ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।
পুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মনির উদ্দিন ময়ুর জানান, রবিবার পৌনে ৬টার দিকে চাঁদপুর বাজার এলাকায় একটি পরিত্যক্ত ভবনে মো. মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা থানায় খবর পাঠালে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
রামদাশ মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী জানান, এখন পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যু কারণ জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
