স্টেজেই ব্যস্ত সালমা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:১৬ এএম

দেশীয় সংগীতাঙ্গনের খুব আলোড়িত একটি নাম মৌসুমী আক্তার সালমা। ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে অডিও বাজারে আত্মপ্রকাশ করেন এই তরুণ গায়িকা। মূলত ক্লোজআপ ওয়ান নির্বাচিত হওয়ার পর থেকেই তুমুল ব্যস্ত সময় পার করছেন তিনি। সাধারণত তার কণ্ঠে শ্রোতারা ফোক গান শুনতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে সালমার কণ্ঠে বেশ কিছু মৌলিক গানও প্রকাশিত হয়েছে। নতুন নতুন গান গাওয়া নিয়ে তিনি যেমন ব্যস্ত সময় পার করছেন ঠিক তেমনই এই সময়ে স্টেজ শো’তেও দারুণ সময় কাটাচ্ছেন তিনি। বলা চলে, প্রায় প্রতিদিনই স্টেজ মাতাচ্ছেন সালমা। এরই মধ্যে তিনি দুদিন আগে কক্সবাজার থেকে স্টেজ-শো করে ঢাকায় ফিরেছেন। আগামী ৮ নভেম্বর তিনি ঢাকার ‘বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’তে আয়োজিত এক অনুষ্ঠানে এবং ঢাকার অদূরে সোনারগাঁওতে আরেকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।

এদিকে গত বছর সেপ্টেম্বর মাসে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত সালমা ও শাহীন রানার কণ্ঠে প্রকাশিত ‘বন্ধু মায়ার জাদু জানে’ গানটি প্রকাশিত হয়েছিল। এক বছরের মধ্যে গানটি শ্রোতা-দর্শকের মধ্যে ভীষণ জনপ্রিয়তা লাভ করে। বিশেষ করে গ্রামেগঞ্জে গানটি দারুণ জনপ্রিয়তা পায়। যে কারণে একই চ্যানেলের জন্য ‘পরাণ বান্ধ পরাণে’ শিরোনামের আরও একটি গান গেয়েছেন সালমা। এই গানে তার সহশিল্পী কাজী শুভ। গানটি গত ২ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন তানভীর আহমেদ। সুর করেছেন কাজী শুভ। এই গানটি নিয়েও ভীষণ প্রত্যাশা সালমার।

স্টেজ শো প্রসঙ্গে সালমা বলেন, ‘সত্যি বলতে বতর্মানে দেশে স্টেজ শোতে বেশ মন্দা সময় কাটছে। তারপরও আমি স্টেজ শো নিয়ে বেশ ভালো ব্যস্ত আছি। কয়েকদিন আগেই কক্সবাজার স্টেজ শো করে এলাম। সামনে পরপর আরও দুটি স্টেজ শো’তে গাইব। আমার তো আগামী জানুয়ারি পর্যন্ত শো চূড়ান্ত করা আছে এক প্রকার। এখন যে শো-গুলোর প্রস্তাব আসছে, সেগুলো ফেব্রুয়ারির। শিগগিরই সেই শো-গুলোও চূড়ান্ত হয়ে যাবে আশা করছি।’

এই গায়িকা আরও বলেন, পাশাপাশি এটাও সত্যি যে স্টেজ শো’তে সাধারণত ফোক গান, লালনগীতি গাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। এর পাশাপাশি যখন আধুনিক গানেরও অনুরোধ আসে, তাও গাইবার চেষ্টা করি। তবে সব স্টেজ শোতেই একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই গাইতে হয়। যে কারণে ফোক গান বা লালনগীতিই বেশি গাওয়া হয়ে থাকে। আমি নিজেও স্বাচ্ছন্দ্যবোধ করি। এর মধ্যে বেশ কিছু নতুন গানও গেয়েছি। গানগুলো কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে। এছাড়াও সম্প্রতি প্রকাশ পাওয়া পরাণ বান্ধ পরাণেÑ গানটি প্রকাশের পরও বেশ ভালো সাড়া পাচ্ছি। ধন্যবাদ এই গানের নেপথ্যে যারা আছেন। ধন্যবাদ আমার সহশিল্পী কাজী শুভ ভাইকেও।’

তাহলে গানের রেকর্ডিং কমিয়ে দিয়েছেন আপাতত? জবাবে সালমা বলেন, এই সময়ে গান রেকর্ডিং করার মতো অবসর নেই। একটা মৌলিক গান গাইতে গেলে মনে ধারণ করতে হয়। এখন তো সেই সুযোগ নেই। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির পর থেকে আবার পুরোদমে রেকর্ডিং শুরু করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত