হিউম্যানয়েড রোবট তৈরি করছে মেটা

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ এএম

রোবোটিক্স প্রযুক্তির জগতে নতুন উদ্যোগ নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এবার বাসাবাড়ির দৈনন্দিন কাজের উপযোগী হিউম্যানয়েড রোবটের প্রোটোটাইপ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ‘ম্যাক্স’ কোডনামের এই রোবটটি চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ফুরিয়ের সহযোগিতায় মাত্র তিন মাসে তৈরি করা হয়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় পাঁচ ফুট এবং ওজন ৪৭ কেজি। এর সামনে থাকা ডিসপ্লেতে মানুষের মুখের বিভিন্ন অভিব্যক্তি ফুটিয়ে তোলা যায়। রয়েছে বিল্ট-ইন স্পিকার ও ছোটখাটো জিনিসপত্র ধরার উপযোগী বিশেষ হাত। রোবটটি পরিচালনা ও শক্তি জোগাতে ব্যবহার করা হয়েছে এনভিডিয়ার জেটসন থর চিপ।

তবে ম্যাক্সের বাণিজ্যিক সংস্করণ কবে বাজারে আসবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি মেটা। এরই মধ্যে ‘ম্যাক্স ২’ নামে দ্বিতীয় প্রোটোটাইপ তৈরির কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। নতুন সংস্করণে হাত ও শরীরের নকশায় পরিবর্তনের পাশাপাশি সিঁড়ি দিয়ে ওঠানামার সুবিধায় অতিরিক্ত সেন্সর ও প্রজেক্টর যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বাসাবাড়ির কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে হিউম্যানয়েড রোবট তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মেটা। এ লক্ষ্য বাস্তবায়নে রোবটের উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়নেও বিনিয়োগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত